আরজে নিরব এক দিনের রিমান্ডে

৮ অক্টোবর, ২০২১ ১৯:৪৭  
সিইও রিপন মিয়ার পর ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) অফিসার হূমায়ুন কবির নিরব ওরফে আরজে নিরবকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। শুক্রবার (৮ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালত রিমান্ড আদেশ মঞ্জুর করেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার এস আই রুহুল আমিন আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার ভোরে রাজধানীর আদাবর এলাকা থেকে আরজে নিরবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়ে তেজগাঁও বিভাগের এডিসি হাফিজ আল ফারুক জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে এক ভুক্তভোগী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আরজে নিরবের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার প্রেক্ষিতে শুক্রবার ভোররাতে আদাবর থানা এলাকার নবোদয় হাউজিংয়ের একটি বাসা থেকে আরজে নিরবকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আরজে নিরব দেশের সুপরিচিত একজন রেডিও জকি। দীর্ঘ ১৫ বছর আরজে হিসেবে রেডিও টুডে, এবিসি রেডিও, রেডিও ধ্বনি, সিটি এফএমে কাজ করেছেন তিনি। বর্তমানে তিনি সিটি এফএম রেডিওতে হেড অফ প্রোগ্রাম হিসেবে কর্মরত।